ফেসবুক নিজেকে আরও সৃজনশীলভাবে প্রকাশ করার সুযোগ দিতে স্থির প্রোফাইল ছবিতে অ্যানিমেশন যোগ করার সুবিধা চালু করেছে। মেটার এই নতুন ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা অ্যানিমেটেড প্রোফাইল ছবি তৈরি করার পাশাপাশি স্টোরি ও মেমোরিজে ছবিকে নতুনভাবে সাজাতে পারবেন। ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালু হবে।
মেটার তথ্য অনুযায়ী, অ্যানিমেটেড প্রোফাইল ছবিতে মোশন ইফেক্ট যোগ করা যাবে। এতে ব্যবহারকারীরা হাত নাড়ানো, হার্ট আকার তৈরি বা ভার্চুয়াল পার্টি হ্যাট পরার মতো অ্যানিমেশনে দেখা যাবে। ছবি তৈরি করার জন্য ক্যামেরার দিকে তাকিয়ে থাকা ছবি ব্যবহার করা সবচেয়ে ভালো। ব্যবহারকারীরা ফোনের গ্যালারি বা ফেসবুকের আগে থাকা ছবি ব্যবহার করেও অ্যানিমেশন তৈরি করতে পারবেন।
‘রিস্টাইল’ নামের মেটা এআই টুল ব্যবহার করে স্টোরি ও মেমোরিজে আপলোড করা ছবিকে নতুন রূপ দেওয়া যাবে। ছবি যোগ করার পর প্রম্পট লিখে বা নির্ধারিত থিম বেছে নিয়ে বিভিন্ন অ্যানিমেশন, ইলাস্ট্রেটেড, উজ্জ্বল বা স্বপ্নিল স্টাইলে ছবি সাজানো সম্ভব। আলো, রং ও মোড পরিবর্তনের সুযোগ থাকছে, চাইলে সমুদ্রসৈকত বা শহরের দৃশ্যের মতো নতুন ব্যাকগ্রাউন্ডও যুক্ত করা যাবে।
টেক্সট বার্তা আরও আকর্ষণীয় করতে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডের সুবিধা রয়েছে। নতুন রেইনবো আইকনে ক্লিক করে ঝরতে থাকা পাতা বা ঢেউ খেলানো সমুদ্রের মতো চলমান দৃশ্য বেছে নেওয়া যাবে। ফেসবুক জানিয়েছে, শিগগিরই ঋতুভিত্তিক ব্যাকগ্রাউন্ডও যুক্ত হবে।
সিএ/এমআর


