স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে। কোনো প্রার্থী বা রাজনৈতিক পক্ষের প্রতি কোনো ধরনের পক্ষপাতিত্ব হচ্ছে না। প্রার্থীদের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশাল বিভাগে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। সভাটি শহরের শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যা তুলে ধরেন এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় চাহিদা জানায়। স্বরাষ্ট্র উপদেষ্টা এই সুযোগে নানা দিকনির্দেশনা প্রদান করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের পরিবেশ ইতিমধ্যে ভালো আছে এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরাপদ করতে দেশের বিভিন্ন কেন্দ্রে ১ লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্যও নিয়োজিত করা হচ্ছে।
সিএ/এএ


