ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য বিভিন্ন দ্বীপাঞ্চলীয় ও উপকূলীয় এলাকায় পাঁচ হাজারের বেশি নৌ সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নৌবাহিনীর ভোলা কন্টিজেন্ট পরিদর্শনকালে সহকারী নৌ প্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এ তথ্য জানান।
সহকারী নৌ প্রধান মোহাম্মদ মুসা বলেন, “বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন দ্বীপাঞ্চলীয় ও উপকূলীয় এলাকায় পাঁচ হাজারের অধিক নৌ সদস্য মোতায়েন করেছে। যাতে প্রতি অঞ্চলের ভোটাররা নিরাপত্তার সঙ্গে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করতে পারে। আমরা সেই ব্যবস্থা নিশ্চিত করব। আমাদের সঙ্গে বিজিবি, কোস্ট গার্ড, আনসার বিডিপি এবং স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের সদস্যরাও রয়েছেন।”
তিনি আরও জানান, “যে কেন্দ্রগুলো তালিকাভুক্ত আছে, সেগুলো আমরা টহলসহ নজরদারি করেছি। সড়কপথ এবং নৌপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
পরিদর্শনের সময় সহকারী নৌ প্রধান মোহাম্মদ মুসা স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশন, প্রার্থী, ভোটার এবং গণমাধ্যমকর্মীদের কাছে সহযোগিতা কামনা করেন।
সিএ/এএ


