যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে আজ শুক্রবার ওমানে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই তথ্য নিশ্চিত করেছেন।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ও তাঁর আলোচক দল ওমানের রাজধানী মাসকটে পৌঁছান। মার্কিন পক্ষে আলোচনায় অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনার।
আরাগচি সাংবাদিকদের বলেন, ‘আমরা যদি এই ইতিবাচক পথে এগোতে পারি, তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা সংক্রান্ত একটি ইতিবাচক কাঠামো তৈরি হবে।’ তিনি আরও যোগ করেন, মাসকটে পরোক্ষভাবে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, আলোচনা এখনও চলমান থাকবে, তবে বিস্তারিত বিষয়গুলো দুই দেশের রাজধানীতে সরাসরি আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। আরাগচি বলেন, দুই পক্ষের মধ্যে দৃষ্টিভঙ্গি বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘আমাদের উদ্বেগ, স্বার্থ এবং ইরানের জনগণের অধিকারের বিষয়গুলো আলোচনায় তুলে ধরা হয়েছে। আলোচনা অত্যন্ত চমৎকার পরিবেশে শেষ হয়েছে এবং অন্য পক্ষের মতামতও শোনা হয়েছে।’
সিএ/এমই


