ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতকে ঘিরে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাবে বাধা দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। তাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য, কৌশল বা সম্ভাব্য স্থায়িত্ব সম্পর্কে আইনপ্রণেতাদের কাছে পরিষ্কার কোনো ব্যাখ্যা দিতে পারেনি।
গত বছর দ্বিপক্ষীয় সমর্থনের ভিত্তিতে চলতি অর্থবছরের জন্য প্রতিরক্ষা খাতে প্রায় ৯০০ বিলিয়ন ডলারের বাজেট অনুমোদন করেছিল মার্কিন কংগ্রেস। তবে ইরানকে কেন্দ্র করে সামরিক ব্যয় দ্রুত বাড়তে থাকায় প্রশাসন আইনপ্রণেতাদের কাছে অতিরিক্ত তহবিলের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। বিশ্লেষকদের হিসাবে, এই সংঘাতের কারণে প্রতিদিন গড়ে ৮৯০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয় হচ্ছে মার্কিন করদাতাদের অর্থ থেকে।
এনবিসি টেলিভিশনের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রতিনিধি পরিষদের নেতা হাকিম জেফরিস বলেন, মধ্যপ্রাচ্যে চলমান স্বঘোষিত যুদ্ধের কারণ বা যৌক্তিকতা প্রমাণের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রশাসন আইনপ্রণেতাদের ব্রিফিং দিলেও পেন্টাগন ঠিক কত অর্থ চাইবে বা যুদ্ধ কতদিন চলতে পারে—এ বিষয়ে কোনো স্বচ্ছ ধারণা দেয়নি।
সিনেটে নতুন তহবিল অনুমোদনের জন্য প্রয়োজনীয় ৬০ ভোট পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে জানান, তিনি এই অতিরিক্ত তহবিলের ঘোর বিরোধী। তিনি বলেন, “আপনি যদি সত্যিই সেনাদের ভালোবাসেন, তবে এই যুদ্ধের তহবিলের বিপক্ষে ভোট দেওয়া উচিত—যাতে আমাদের সেনাদের বিপদ থেকে সরিয়ে আনা যায়।”
অন্যদিকে, গত সপ্তাহে বেশিরভাগ রিপাবলিকান সিনেটর ট্রাম্পের যুদ্ধকালীন ক্ষমতা সীমিত করার প্রচেষ্টার বিরোধিতা করেছিলেন। তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে রিপাবলিকানদের একটি অংশের অবস্থানও পরিবর্তিত হতে পারে। সে ক্ষেত্রে কংগ্রেস থেকে অতিরিক্ত অর্থ আদায় করা ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
সিএ/এসএ


