যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুল রহিম মুসাভি এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। শনিবার চালানো হামলার জেরে এই উচ্চপর্যায়ের সামরিক নেতৃত্বের মৃত্যু হয়েছে বলে তেহরান নিশ্চিত করেছে।
এর আগে একই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে জানানো হয়। ধারাবাহিক এই হামলায় দেশটির সামরিক ও রাজনৈতিক কাঠামোয় বড় ধরনের ক্ষয়ক্ষতির ইঙ্গিত মিলছে।
আইআরএনএ আরও জানিয়েছে, হামলায় সশস্ত্র বাহিনীর আরও কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় এখনো ওয়াশিংটন বা তেলআবিবের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, শীর্ষ সামরিক নেতৃত্বের একযোগে নিহত হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং এর প্রভাব পার্শ্ববর্তী দেশগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: আইআরএনএ
সিএ/এএ


