লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বে অবস্থিত উপকূলীয় শহর কাসর আল-আখিয়ারের সমুদ্রসৈকতে অন্তত সাতজন অভিবাসন প্রত্যাশীর মরদেহ পাওয়া গেছে। এই তথ্য নিশ্চিত করেছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে কাসর আল-আখিয়ার পুলিশ জানিয়েছে, সাগরের ঢেউয়ে ভেসে মরদেহগুলো তীরে পৌঁছায়। নিহতদের মধ্যে একজন নারী এবং একটি শিশুও রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, উত্তাল সমুদ্র পরিস্থিতির কারণে আরও কেউ নিখোঁজ আছে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।
ভৌগোলিকভাবে ইউরোপের কাছাকাছি অবস্থান এবং দীর্ঘ ভূমধ্যসাগরীয় উপকূলরেখার কারণে লিবিয়া দীর্ঘদিন ধরেই অনিয়মিত অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
সিএ/এএ


