ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে কয়েকশ মার্কিন সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। কাতারের আল উদেইদ ঘাঁটি এবং বাহরাইনের একটি সামরিক স্থাপনা থেকে এই সেনা সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।
স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পেন্টাগনের সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা এবং তার জবাবে তেহরানের পাল্টা আঘাতের আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাতারের আল উদেইদ ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত, যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। এখান থেকে কয়েকশ সেনা সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি বাহরাইন থেকেও সেনা প্রত্যাহার করা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।
এই দুটি দেশের বাইরে ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতেও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। তবে সেনা প্রত্যাহারের বিষয়ে মধ্যপ্রাচ্যের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সেন্ট্রাল কমান্ড আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এদিকে সম্ভাব্য সামরিক হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, আক্রমণের শিকার হলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত শত্রু পক্ষের ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তির জন্য সময়সীমা বেঁধে দেওয়ার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরসকে লেখা এক চিঠিতে এই সতর্কবার্তা দেয় তেহরান।
সিএ/এসএ


