শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলায় কোনো ধরনের নাশকতার তথ্য নেই এবং মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করার সুযোগও থাকবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, মেলা এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
আজ বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে মো. সরওয়ার বলেন, ‘উসকানিমূলক কোনো বই এবারের মেলায় থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, মেলায় তিন স্তরের নিরাপত্তা থাকবে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবেন। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মেলায় প্রবেশ ও বের হওয়ার পথ পর্যবেক্ষণ করা হবে এবং প্রবেশ পথের উপর আর্চওয়ে স্থাপন করা হবে।
ডিএমপি অতিরিক্ত কমিশনার জানান, ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন। মেলার ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ সদস্য সাদা পোশাকে এবং ইউনিফর্মে দায়িত্ব পালন করবেন। এছাড়া মেলা চলাকালীন মাজার রোড, হাকিম চত্বর, দোয়েল চত্বর ও টিএসসি এলাকায় যানজট কমাতে ডাইভারশন কার্যক্রম চলবে।
মো. সরওয়ার আরও বলেন, ধারালো ও বিস্ফোরক দ্রব্য সঙ্গে নিয়ে মেলায় প্রবেশ করা যাবে না। এর মাধ্যমে মেলার সাধারণ পরিবেশ নিরাপদ ও শান্তিপূর্ণ রাখা হবে।
সিএ/এমই


