সোশ্যাল মিডিয়া ব্যবহারে আসক্তি এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ রায় এসেছে। ক্যালিফোর্নিয়ার একটি জুরি বোর্ড ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা এবং ইউটিউবকে এক তরুণীর মানসিক ক্ষতির জন্য দায়ী করে ৩০ লাখ ডলার জরিমানা করেছে।
মামলার নথি অনুযায়ী, কেজিএম ছদ্মনামে পরিচিত ওই তরুণী অভিযোগ করেন, এসব প্ল্যাটফর্মের আসক্তি সৃষ্টিকারী অ্যালগরিদম ও ডিজাইন তাকে উদ্বেগ ও বিষণ্ণতার দিকে ঠেলে দেয়। জুরি বোর্ড তার এই দাবির সঙ্গে একমত পোষণ করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। বাংলাদেশি মুদ্রায় জরিমানার পরিমাণ প্রায় ৩৬ কোটি ৮১ লাখ টাকা।
এই মামলার শুরুতে টিকটক ও স্ন্যাপচ্যাটও অভিযুক্ত ছিল। তবে বিচার শুরুর আগেই তারা আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে মামলা নিষ্পত্তি করে। ফলে রায়ের আওতায় আসে মেটা ও ইউটিউব।
যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে আরও হাজারো মামলা বিচারাধীন রয়েছে। এরই মধ্যে নিউ মেক্সিকোতে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগে মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। এসব রায় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর আইনি চাপ বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, সেকশন ২৩০ আইনের কারণে এতদিন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো ব্যবহারকারীদের কনটেন্টের দায় এড়াতে পারত। তবে সাম্প্রতিক এসব রায় সেই আইনি সুরক্ষার সীমাবদ্ধতা সামনে আনছে এবং ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তনের পথ তৈরি করতে পারে।
অন্যদিকে মেটা ও ইউটিউবের মূল প্রতিষ্ঠান গুগল জানিয়েছে, তারা এই রায়ের সঙ্গে একমত নয় এবং আপিল করবে। তবে সামনে আরও একাধিক মামলার শুনানি শুরু হতে যাচ্ছে, যা সোশ্যাল মিডিয়া খাতের জন্য নতুন বাস্তবতা তৈরি করতে পারে।
সিএ/এমআর


