বিশ্বজুড়ে স্মার্ট চশমার জনপ্রিয়তা বাড়তে থাকায় নতুন দুটি মডেল বাজারে আনার পরিকল্পনা করছে মেটা। ‘স্ক্রাইবার’ ও ‘ব্লেজার’ কোডনামে তৈরি এই স্মার্ট চশমাগুলো সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চশমা ব্যবহারকারীদের জন্যও উপযোগী করে তৈরি করা হচ্ছে।
প্রযুক্তি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চশমা দুটিতে প্রেসক্রিপশন লেন্স ব্যবহার করা যাবে। ফলে যারা নিয়মিত চশমা পরেন, তারাও সহজেই এই স্মার্ট ডিভাইস ব্যবহার করতে পারবেন।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগিরই এ চশমা বাজারে আনার ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থিত নানা সুবিধা যুক্ত করা হয়েছে। ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার এবং মেটা এআই ইন্টিগ্রেশন থাকায় ব্যবহারকারীরা আরও উন্নত অভিজ্ঞতা পাবেন।
এ ছাড়া ডিভাইসগুলোতে ওয়াই-ফাই ৬ এবং ইউএনআইআই৪ ব্যান্ড সমর্থন থাকবে, যা আগের মডেলের তুলনায় দ্রুত ও স্থিতিশীল সংযোগ নিশ্চিত করবে। উন্নত মানের চার্জিং কেসও দেওয়া হবে চশমার সঙ্গে।
ধারণা করা হচ্ছে, ব্লেজার মডেলটি ভিন্ন ভিন্ন আকারের ফ্রেমে পাওয়া যাবে, তবে স্ক্রাইবারের ফ্রেম নির্দিষ্ট আকারের হবে। যদিও এখনো দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি মেটা।
স্মার্ট চশমার ব্যবহার বাড়ার সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগও বাড়ছে। কারণ বাইরে থেকে বোঝা কঠিন কেউ সাধারণ চশমা ব্যবহার করছেন, নাকি ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা, যা গোপনে ছবি বা ভিডিও ধারণে ব্যবহার করা যেতে পারে।
সিএ/এমআর


