মহাবিশ্বের অদৃশ্য গঠন উন্মোচনের লক্ষ্যে বিজ্ঞানীরা নির্মাণ করছেন বিশ্বের বৃহত্তম ‘অল-লেন্স’ টেলিস্কোপ ‘মথরা’। এই টেলিস্কোপের মূল লক্ষ্য মহাজাগতিক রহস্যময় কাঠামো ‘কসমিক ওয়েব’ শনাক্ত করা, যা অসংখ্য ছায়াপথকে একে অপরের সঙ্গে সংযুক্ত করে রেখেছে।
গবেষকদের মতে, কসমিক ওয়েব মূলত গ্যাস ও ডার্ক ম্যাটারের বিশাল জাল, যা বিগ ব্যাংয়ের পরপরই সৃষ্টি হয়ে সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়েছে। তবে এই জালের আলো অত্যন্ত ক্ষীণ হওয়ায় প্রচলিত টেলিস্কোপ দিয়ে তা পর্যবেক্ষণ করা কঠিন।
এই সীমাবদ্ধতা কাটাতে ‘মথরা’ টেলিস্কোপে ব্যবহার করা হচ্ছে এক হাজার ১৪০টি উন্নত মানের টেলিফটো লেন্স। এসব লেন্স একত্রে কাজ করে একটি বৃহৎ একক টেলিস্কোপের মতো কার্যকর হবে। পাশাপাশি বিশেষ ফিল্টার প্রযুক্তি ব্যবহার করে হাইড্রোজেন গ্যাসের ক্ষীণ আলোও শনাক্ত করা সম্ভব হবে।
প্রকল্পটির সহ-প্রতিষ্ঠাতা ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার ভ্যান ডক্কুম জানিয়েছেন, এই টেলিস্কোপের মাধ্যমে ছায়াপথগুলোর মধ্যবর্তী গ্যাসের আলো শনাক্ত করে কসমিক ওয়েবের কাঠামো বোঝা সহজ হবে।
ব্রিটিশ ধনকুবের অ্যালেক্স গেরকোর অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটি চিলিতে নির্মাণাধীন রয়েছে। ২০২৫ সালে এর কাজ শুরু হয় এবং ২০২৬ সালের শেষ নাগাদ এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিএ/এমআর


