ঈদকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ বাড়ে। অনেকে নিজের জন্য নতুন ফোন কেনেন, আবার অনেকে প্রিয়জনকে উপহার দিতেও স্মার্টফোন বেছে নেন। বর্তমানে দেশের বাজারে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে শক্তিশালী প্রসেসর, অ্যামোলেড পর্দা এবং দ্রুত চার্জিং সুবিধাসহ বিভিন্ন ব্র্যান্ডের বেশ কিছু স্মার্টফোন পাওয়া যাচ্ছে।
ভিভো ওয়াই২১ডি
৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিযুক্ত এই ফোনে রয়েছে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, ফলে দীর্ঘ সময় ব্যবহার করলেও চার্জ নিয়ে তেমন দুশ্চিন্তা থাকে না। ৬.৬৮ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি পর্দার রিফ্রেশ রেট ৯০ হার্ডজ এবং উজ্জ্বলতা ১ হাজার নিটস। ইউনিসক প্রসেসরে চলা এই ফোনের পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। দাম ২০ হাজার ২৫০ টাকা।
ইনফিনিক্স হট ৬০ প্রো
কম বাজেটের মধ্যেই ১.৫কে রেজোল্যুশন ও ১৪৪ হার্ডজ অ্যামোলেড পর্দার সুবিধা পাওয়া যায় এই ফোনে। হেলিও প্রসেসরে চলা ডিভাইসটিতে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যা দ্রুত চার্জ সম্পন্ন করতে সহায়তা করে। দাম ২০ হাজার ৪৫০ টাকা।
রিয়েলমি সি৮৫ প্রো
মিলিটারিগ্রেড সুরক্ষা ও আইপি৬৯ প্রো রেটিং থাকায় ফোনটি টেকসই হিসেবে বিবেচিত। এতে রয়েছে ৬.৮ ইঞ্চির এফএইচডি প্লাস পর্দা, যার রিফ্রেশ রেট ১২০ হার্ডজ। ফলে উন্নত গ্রাফিকস ও ভিডিও সহজেই উপভোগ করা যায়। দাম ২১ হাজার ৫৫০ টাকা।
অনার এক্স৭ডি
৮ গিগাবাইট র্যাম ও ৫১২ গিগাবাইট স্টোরেজ সুবিধার ফোনটিতে রয়েছে ৬.৭৭ ইঞ্চির পর্দা, যার রিফ্রেশ রেট ১২০ হার্ডজ। স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহারের কারণে বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করা যায়। এতে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ৩৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলা ফোনটি আইপি৬৫ রেটিং সমর্থন করে। দাম ২১ হাজার ৯৯৯ টাকা।
অপো এ৬
৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারিযুক্ত এই ফোনে রয়েছে ৬.৭৫ ইঞ্চির পর্দা, যার রিফ্রেশ রেট ১২০ হার্ডজ। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের কারণে একাধিক কাজ দ্রুত করা যায়। আইপি৬৯ রেটিং থাকায় ধুলাবালু ও পানির ঝাপটায় সহজে ক্ষতিগ্রস্ত হয় না। দাম ২২ হাজার ৯৫০ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এ১৭ ফাইভজি
৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড পর্দার এই ফোনে এক্সিনস প্রসেসর ব্যবহৃত হয়েছে। এতে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায়। দাম ২৫ হাজার ৯৫০ টাকা।
মটোরোলা মটো জি৯৬
স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির পর্দা এবং ১৪৪ হার্ডজ রিফ্রেশ রেট। এর ফলে গেম খেলা ও ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত হয়। পেছনে ৫০ ও ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটিতে ওআইএস ও ৪কে ভিডিও ধারণের সুবিধাও পাওয়া যায়। দাম ২৬ হাজার ৯৯৯ টাকা।
টেকনো পোভা স্লিম
এই ফোনে রয়েছে ৪ হাজার ৫০০ নিটস উজ্জ্বলতার অ্যামোলেড পর্দা। ডাইমেনসিটি প্রসেসরে চলা ডিভাইসটিতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। দাম ২৮ হাজার ৮০০ টাকা।
ইনফিনিক্স নোট ৫০ প্রো
হেলিও প্রসেসরে চলা এই ফোনে রয়েছে এফএইচডি প্লাস অ্যামোলেড পর্দা, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্ডজ। এতে ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় অল্প সময়েই পূর্ণ চার্জ করা সম্ভব। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। দাম ২৯ হাজার ৩৫০ টাকা।
রেডমি নোট ১৫
৬.৭৭ ইঞ্চির অ্যামোলেড পর্দার এই ফোনের রিফ্রেশ রেট ১২০ হার্ডজ এবং উজ্জ্বলতা ৩ হাজার ২০০ নিটস। হেলিও প্রসেসরে চলা ফোনটির পেছনে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। দাম ২৯ হাজার ৯৯৯ টাকা।
সিএ/এমআর


