মানুষের ব্যস্ততা যত বাড়ছে, ততই দৈনন্দিন নানা বিষয় ভুলে যাওয়ার প্রবণতাও বাড়ছে। বন্ধু বা স্বজনের জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা গুরুত্বপূর্ণ কোনো বার্তা পাঠানোর কথা অনেক সময় মনে থাকলেও ঠিক সময়ে পাঠানো হয়ে ওঠে না। এই সমস্যার সমাধান দিতে নতুন একটি সুবিধা আনতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।
নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আগেভাগেই বার্তা লিখে নির্দিষ্ট দিন ও সময় নির্ধারণ করে রাখতে পারবেন। নির্ধারিত সময় হলে স্বয়ংক্রিয়ভাবে সেই বার্তা প্রাপকের কাছে পৌঁছে যাবে। ফলে গুরুত্বপূর্ণ মুহূর্ত বা প্রয়োজনীয় বার্তা পাঠাতে ভুলে যাওয়ার ঝামেলা অনেকটাই কমবে।
বর্তমানে অনেকেই গুরুত্বপূর্ণ কাজ মনে রাখার জন্য মোবাইল ফোনে অ্যালার্ম সেট করেন বা ক্যালেন্ডারে নোট লিখে রাখেন। তবে হোয়াটসঅ্যাপের নতুন এই সুবিধা চালু হলে আলাদা করে অ্যালার্ম বা নোট রাখার প্রয়োজন কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারী আগে থেকেই বার্তা লিখে রাখতে পারবেন এবং ঠিক করে দিতে পারবেন কোন তারিখে ও কখন সেই বার্তা পাঠানো হবে। নির্ধারিত সময়ে ব্যবহারকারী অনলাইনে থাকুক বা না থাকুক, হোয়াটসঅ্যাপ নিজ থেকেই বার্তাটি পাঠিয়ে দেবে।
উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি বন্ধুর জন্মদিনে রাত ১২টায় শুভেচ্ছা জানাতে চান, তাহলে আগে থেকেই শুভেচ্ছা বার্তা লিখে সময় নির্ধারণ করে রাখা যাবে। নির্দিষ্ট সময় হলে স্বয়ংক্রিয়ভাবে সেই বার্তা বন্ধুর চ্যাটবক্সে পৌঁছে যাবে।
এই ফিচারটি শুধু ব্যক্তিগত যোগাযোগেই নয়, পেশাগত ক্ষেত্রেও বেশ কার্যকর হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। অফিসের জরুরি নির্দেশনা বা নির্দিষ্ট সময়ের বার্তা আগেভাগেই লিখে রেখে নির্ধারিত সময়ে পাঠানো সম্ভব হবে।
হোয়াটসঅ্যাপে নতুন একটি চ্যাট ইনফো অপশন যুক্ত করা হবে, যেখানে নির্ধারিত সময়ের জন্য প্রস্তুত করা মেসেজগুলো দেখা যাবে। প্রয়োজনে নির্ধারিত সময়ের আগে বার্তা সম্পাদনা করা বা বাতিল করার সুযোগও থাকবে।
জানা গেছে, হোয়াটসঅ্যাপের আইওএস বেটা ভি২৬.৭১০.৭২ সংস্করণে ইতোমধ্যে এই ফিচারটি নিয়ে পরীক্ষামূলক কাজ চলছে। খুব শিগগিরই অ্যান্ড্রয়েড সংস্করণেও এই সুবিধা যুক্ত হতে পারে বলে প্রযুক্তি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সিএ/এমআর


