কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিও দিয়ে প্রতারণার অভিযোগে ব্রাজিল ও চীনের কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে ভুয়া সেলিব্রিটি ভিডিও ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছিল।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, মেটার এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য ও বিনিয়োগসংক্রান্ত বিজ্ঞাপন প্রচারের জন্য কৃত্রিমভাবে তৈরি সেলিব্রিটি ডিপফেক ভিডিও ব্যবহার করছিল। এর মাধ্যমে তারা সাধারণ ব্যবহারকারীদের প্রতারণামূলক কার্যক্রমে জড়িয়ে ফেলছিল।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার করে অপরাধীরা জনপ্রিয় ও পরিচিত ব্যক্তিদের কণ্ঠস্বর এবং ভিডিওর নিখুঁত অনুকরণ তৈরি করছে। এরপর এসব ভুয়া ভিডিও ব্যবহার করে অনলাইনে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা চালানো হচ্ছে।
মেটা জানিয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি হিসেবে তারা চারজন প্রতারক বিজ্ঞাপনদাতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, সুপরিচিত সেলিব্রিটি ও ব্র্যান্ডের ছদ্মবেশে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে।
ব্রাজিলে প্রতিষ্ঠানটি বিএন্ডবি সাপ্লিমেন্টস ই কসমেটিকস এবং ব্রাইটস একাডেমিয়া ডি ট্রেনামেন্টোর নামের দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে। পাশাপাশি আরও দুই ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।
মেটার অভিযোগে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান একটি প্রতারণামূলক চক্র পরিচালনা করছিল। সেখানে এক খ্যাতনামা চিকিৎসকের ডিপফেক ভিডিও ব্যবহার করে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়াই স্বাস্থ্যসেবা সংক্রান্ত পণ্যের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল।
এছাড়া ব্রাইটেস নামের একটি প্রতিষ্ঠান এমন প্রশিক্ষণ কোর্সও বিক্রি করছিল, যেখানে একই ধরনের কৌশল ব্যবহার করে কীভাবে প্রতারণামূলক প্রচারণা চালানো যায় তা শেখানো হয় বলে অভিযোগ করেছে মেটা।
এই ঘটনায় ব্রাজিলের বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ দ্রৌজিও ভারেলা নিজেও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, মেটার নেওয়া আইনি পদক্ষেপ যথেষ্ট নয় এবং প্ল্যাটফর্মগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
ভারেলা বলেন, মেটার প্ল্যাটফর্মগুলো তাদের বিশাল ব্যবহারকারী নেটওয়ার্কের কারণে প্রতারণা ছড়িয়ে পড়ার ক্ষেত্র তৈরি করে দেয়। তিনি অভিযোগ করেন, এসব ভিডিও যত বেশি মানুষের কাছে পৌঁছায়, ততই প্ল্যাটফর্মগুলোর আয় বাড়ে।
মার্কিন প্রযুক্তি কোম্পানিটি ব্রাজিলে একই ধরনের অভিযোগে ভিটর লরেনকো ডি সুজা এবং মিলেনা লুসিয়ানি সানচেজের বিরুদ্ধেও মামলা করেছে।
অন্যদিকে চীনে শেনজেন ইউনঝেং টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও মামলা করেছে মেটা। অভিযোগ রয়েছে, তারা যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশের মানুষকে লক্ষ্য করে সেলিব্রিটি ছদ্মবেশে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করছিল।
মেটার মতে, এই কার্যক্রম একটি বৃহৎ জালিয়াতি পরিকল্পনার অংশ, যেখানে মানুষকে তথাকথিত বিনিয়োগ গোষ্ঠীতে যোগ দেওয়ার প্রলোভন দেখানো হতো।
এছাড়া ভিয়েতনামের একটি প্রতিষ্ঠান লি ভ্যান ল্যামের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিলাসবহুল ব্র্যান্ড লংচ্যাম্প হ্যান্ডব্যাগের নামে ভুয়া বিজ্ঞাপন প্রকাশের অভিযোগ উঠেছে।
সিএ/এমআর


