প্রযুক্তি বিশ্বে নতুন পণ্য উন্মোচনের ক্ষেত্রে ভিন্ন কৌশল অবলম্বন করতে পারে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ‘স্পেশাল অ্যাপল এক্সপেরিয়েন্স’ উপলক্ষে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এবারের আয়োজন প্রচলিত একক কি-নোট অনুষ্ঠানের ধারা অনুসরণ নাও করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, একদিনে সব পণ্য ঘোষণা না করে কয়েক দিন ধরে ধাপে ধাপে নতুন পণ্যের ঘোষণা দিতে পারে অ্যাপল। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এসব ঘোষণা প্রকাশিত হতে পারে। এরপর ৪ মার্চ নিউইয়র্ক, লন্ডন এবং সাংহাইয়ে সরাসরি আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য পণ্যগুলো হাতে-কলমে ব্যবহারের সুযোগ রাখা হতে পারে।
এই ধরনের আয়োজনকে প্রযুক্তি বিশেষজ্ঞরা ‘হ্যান্ডস-অন’ অভিজ্ঞতা হিসেবে দেখছেন। এতে সাংবাদিক ও প্রযুক্তি বিশ্লেষকেরা সরাসরি নতুন পণ্য ব্যবহার করে তার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিতে পারবেন। এর মাধ্যমে অ্যাপল নতুন পণ্যের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে চায় বলেও ধারণা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, এবারের আয়োজনে অন্তত পাঁচটি নতুন পণ্য উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি। সম্ভাব্য পণ্যের তালিকায় রয়েছে তুলনামূলক কম দামের একটি ম্যাকবুক। পাশাপাশি বাজারে আসতে পারে আইফোন ১৭ই, এম৪ চিপসংবলিত আইপ্যাড এয়ার, নতুন এন্ট্রি-লেভেল আইপ্যাড এবং উন্নত সংস্করণের ম্যাকবুক এয়ার ও ম্যাকবুক প্রো।
যদিও এসব পণ্য বসন্তকালেই বাজারে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, তবে ঠিক কোন পণ্য কখন ঘোষণা করা হবে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রযুক্তি বিশ্বে জোর গুঞ্জন রয়েছে, মার্চের শুরুতেই একাধিক নতুন পণ্য নিয়ে হাজির হতে পারে অ্যাপল।
প্রচলিত মঞ্চভিত্তিক কি-নোট অনুষ্ঠানের পরিবর্তে যদি ধাপে ধাপে পণ্যের ঘোষণা আসে, তাহলে তা অ্যাপলের পণ্য উন্মোচনের কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেবে। বিশ্লেষকদের মতে, এই পদ্ধতিতে কয়েক দিন ধরে ব্যবহারকারীদের আগ্রহ ধরে রাখা সম্ভব হবে এবং প্রতিটি পণ্যের প্রতি আলাদা মনোযোগও সৃষ্টি হবে।
সিএ/এমআর


