বিশ্বের স্মার্টফোন বাজার ২০২৬ সালে ইতিহাসের সবচেয়ে বড় মন্দার মুখে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন। আইডিসির সর্বশেষ বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৬ সালে বৈশ্বিক স্মার্টফোন সরবরাহ ১২ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়াতে পারে প্রায় ১১২ কোটি ইউনিটে, যা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই পতন কেবল সাময়িক চাহিদা কমে যাওয়ার ফল নয়; বরং এটি স্মার্টফোন শিল্পের কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। আইডিসির ওয়ার্ল্ডওয়াইড ক্লায়েন্ট ডিভাইসেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো জেরোনিমো বলেন, বর্তমান পরিস্থিতি কোনো স্বল্পমেয়াদি সংকট নয়; এটি মেমোরি চিপ সরবরাহব্যবস্থায় সৃষ্ট সুনামির মতো বড় ধাক্কা।
আইডিসির বিশ্লেষণে দেখা গেছে, ডিআরএএম মেমোরি চিপের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিই এই অস্থিরতার প্রধান কারণ। আধুনিক স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার, উন্নত গ্রাফিকস ও একাধিক অ্যাপ একসঙ্গে চালাতে উচ্চক্ষমতার মেমোরি প্রয়োজন। কিন্তু সাম্প্রতিক সময়ে এসব চিপের দাম দ্রুত বাড়ায় উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গুগল, মেটা ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টরা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো ও ডেটা সেন্টার সম্প্রসারণে বিপুল পরিমাণ মেমোরি চিপ ব্যবহার করছে। ফলে বৈশ্বিক সরবরাহের বড় অংশ ডেটা সেন্টারমুখী হয়ে পড়েছে। এর প্রভাব পড়ছে ভোক্তাপর্যায়ের ডিভাইস নির্মাতাদের ওপর, যাঁরা চিপ সংকট ও বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন।
বিশ্লেষকদের মতে, এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে স্বল্পমূল্যের অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতারা। উৎপাদন ব্যয় বাড়ায় অনেক প্রতিষ্ঠানকে পণ্যের দাম বাড়াতে হতে পারে, আবার কেউ কেউ কম মুনাফার বাজার থেকে সরে দাঁড়াতে পারে। বিপরীতে শক্তিশালী আর্থিক ভিত্তি ও প্রিমিয়াম বাজারে দৃঢ় অবস্থানের কারণে অ্যাপল ও স্যামসাং তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে।
আইডিসির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে স্মার্টফোনের গড় বিক্রয়মূল্য ১৪ শতাংশ বেড়ে ৫২৩ মার্কিন ডলারে পৌঁছাতে পারে, যা ইতিহাসে সর্বোচ্চ। নির্মাতারা মুনাফা ধরে রাখতে প্রিমিয়াম মডেলের দিকে ঝুঁকছেন, ফলে গড় মূল্যও ঊর্ধ্বমুখী হচ্ছে।
আইডিসি মনে করছে, ২০২৭ সালে বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি এবং ২০২৮ সালে ৫ দশমিক ২ শতাংশ পুনরুদ্ধার হতে পারে। তবে এই পুনরুদ্ধার বাজারকে আগের অবস্থায় পুরোপুরি ফিরিয়ে আনবে না। আইডিসির মোবাইল ফোন ট্র্যাকার বিভাগের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক নাবিলা পোপাল বলেন, মেমোরি সংকট সাময়িক নয়; এটি পুরো স্মার্টফোন বাজারের অর্থনৈতিক কাঠামো নতুনভাবে সংজ্ঞায়িত করছে।
সিএ/এমআর


