দেশের স্মার্টফোন বাজারে স্বল্পমূল্যে টেকসই ডিভাইসের চাহিদা বিবেচনায় নতুন একটি ফোন উন্মোচন করেছে ইনফিনিক্স বাংলাদেশ। মাত্র ১২ হাজার ৯৯৯ টাকা দামে মিলিটারি-গ্রেড মানের স্মার্টফোন ‘ইনফিনিক্স স্মার্ট ২০’ বাজারে আনা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নির্মাতাদের দাবি, দুর্বল নেটওয়ার্ক কিংবা আশপাশে অতিরিক্ত শব্দ থাকলেও ফোনটির ভয়েসপ্রিন্ট নয়েজ রিডাকশন প্রযুক্তি ব্যবহারকারীর কণ্ঠ আলাদা করে শনাক্ত করতে সক্ষম এবং অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে স্পষ্ট কথোপকথনে সহায়তা করে।
স্পেসিফিকেশন অনুযায়ী, ডিভাইসটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির বড় আকারের ১২০ হার্টজ পাঞ্চ-হোল ডিসপ্লে, যা মসৃণ স্ক্রলিং ও উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। প্রসেসিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ অক্টা-কোর চিপসেট। সঙ্গে রয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ, যা দৈনন্দিন ব্যবহার ও হালকা গেমিংয়ের জন্য যথেষ্ট বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।
ফোনটি ১.৫ মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও ক্ষতি কম হওয়ার মতো মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন পেয়েছে। সাধারণ দুর্ঘটনায় ডিভাইসকে সুরক্ষা দিতে এতে যুক্ত করা হয়েছে আইপি৬৪ মানের পানি ও ধুলা প্রতিরোধ ক্ষমতা। পাশাপাশি স্প্ল্যাশ টাচ সুবিধার কারণে হালকা পানির ছিটা বা ধুলাবালির মধ্যেও স্ক্রিন স্বাভাবিকভাবে ব্যবহার করা যাবে।
রঙের দিক থেকেও ফোনটি বৈচিত্র্যপূর্ণ। শ্যাডো ব্ল্যাক, সানলাইক অরেঞ্জ, ক্লাউডলাইন ব্লু এবং পোলারিস টাইটানিয়াম—এই চারটি রঙে বাজারে পাওয়া যাচ্ছে ইনফিনিক্স স্মার্ট ২০।
সিএ/এমআর


