যুক্তরাষ্ট্রের বাজারে উন্মোচনের মাত্র ২০ মিনিটের মধ্যেই বিক্রি শেষ হয়ে গেছে স্যামসাংয়ের নতুন প্রজন্মের স্মার্টফোন গ্যালাক্সি জেড ট্রাই-ফোল্ড। প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী এই ডিভাইসটি বাজারে আসার পর অল্প সময়েই ব্যাপক সাড়া ফেলে দেয় ক্রেতাদের মধ্যে।
তিনটি প্যানেল বিশিষ্ট এই ফোনটি দুইবার ভাঁজ করা যায়। পুরোপুরি খুললে এটি প্রায় ১০ ইঞ্চির একটি বড় ট্যাবলেটের অভিজ্ঞতা দেয়। উন্নত ডিজাইন ও নতুন প্রযুক্তির কারণে ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ২ হাজার ৮৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিন লাখ টাকারও বেশি। এই মূল্য স্যামসাংয়ের বর্তমান ফ্ল্যাগশিপ গ্যালাক্সি জেড ফোল্ড-৭ মডেলের তুলনায় প্রায় ৯০০ ডলার বেশি।
প্রতিবেদন অনুযায়ী, গ্যালাক্সি জেড ট্রাই-ফোল্ড অন্য কোনো অনলাইন শপ বা মোবাইল অপারেটরের মাধ্যমে বিক্রি করা হয়নি। এটি শুধু স্যামসাংয়ের অফিসিয়াল অনলাইন স্টোর ও নির্দিষ্ট কিছু স্যামসাং এক্সপেরিয়েন্স স্টোরে পাওয়া গেছে। তবে ঠিক কত ইউনিট বাজারে ছাড়া হয়েছিল, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। ফলে প্রকৃত বাজার চাহিদা নিরূপণ করা কঠিন হয়ে পড়েছে।
স্যামসাং এই ডিভাইসটিকে সাধারণ একটি স্মার্টফোন হিসেবে নয়, বরং একটি সংগ্রহযোগ্য শৌখিন পণ্য হিসেবে উপস্থাপন করছে। সে কারণে এতে রঙ বা স্টোরেজের একাধিক বিকল্প রাখা হয়নি। ফোনটি বাজারে আনা হয়েছে শুধুমাত্র একটি রঙে, ক্র্যাফটেড ব্ল্যাক, এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে।
সিএ/এমআর


