জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে। খুব শিগগিরই ওয়েব ব্রাউজার থেকেই সরাসরি ভয়েস ও ভিডিও কল করা সম্ভব হবে। পরীক্ষামূলকভাবে এই ফিচার সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ওয়েবিটাইনফো জানিয়েছে, নতুন কলিং সুবিধা বর্তমানে এক-টু-এক চ্যাটে কার্যকর। গ্রুপ কলিং এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। ব্যবহারকারীরা ব্যক্তিগত চ্যাটে কল আইকনে ক্লিক করলেই ভয়েস বা ভিডিও কল শুরু করতে পারছেন।
হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্ম প্রায় এক বছর ধরে ওয়েব কলিং সুবিধা উন্নয়নে কাজ করছে। লক্ষ্য হচ্ছে ডেস্কটপ অ্যাপের মতো মসৃণ ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করা।
নিরাপত্তার ক্ষেত্রেও আগের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় থাকবে। কলগুলো সুরক্ষিত রাখতে সিগনালের এনক্রিপশন প্রোটোকল ব্যবহার করা হবে, ফলে ব্যবহারকারীর কথোপকথন বা ভিডিও তথ্য মেটা বা তৃতীয় পক্ষ কেউই দেখতে পারবে না।
ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ারিং সুবিধাও যুক্ত হচ্ছে। এতে অনলাইন মিটিং, টিমওয়ার্ক বা দূর থেকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া সহজ হবে। ওয়েব সংস্করণটি এখন শুধু চ্যাটিং নয়, পূর্ণাঙ্গ যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশের পথে রয়েছে।
প্রাথমিকভাবে ফিচারটি সীমিত পর্যায়ে থাকলেও ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যে এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে। ভবিষ্যতে ওয়েব ভার্সনে ৩২ জন পর্যন্ত গ্রুপ কল, কল লিঙ্ক তৈরি এবং নির্ধারিত সময়ের কল শিডিউল করার সুবিধাও যুক্ত হতে পারে। এছাড়া ‘ক্লোজ ফ্রেন্ডস’ স্ট্যাটাস শেয়ারিং নিয়েও কাজ চলছে।
সিএ/এমআর


