কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সীমান্তবর্তী এলাকায় রহস্যময় একটি কুকুর সদৃশ রোবট কৌতূহল সৃষ্টি করেছে। ১৬ ফেব্রুয়ারি রাত ৩টা ৩৫ মিনিটে উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারে ‘আলাউদ্দিন হার্ডওয়্যার’ দোকানের সিসিটিভি ক্যামেরায় এই অদ্ভুত দৃশ্য ধরা পড়ে।
পরদিন রাত ৯টার দিকে দোকানের মালিক রোকনুজ্জামান ও তার ভাই নাজমুল হোসেন ফুটেজ পর্যালোচনা করার সময় বিষয়টি লক্ষ্য করেন। সিসিটিভির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিস্ময় ও কৌতূহল সৃষ্টি হয়।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কেদার সীমান্ত এলাকার কুদ্দুস মিয়া জানান, সীমান্ত এলাকা থেকে মিলনী বাজার কিছুটা দূরে, তাই কীভাবে ভারতীয় কোনো রোবট সেখানে পৌঁছেছে তা রহস্যজনক। অনেকেই মনে করেন বিষয়টি তদন্ত করা উচিত।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মহবুব উল হক জানান, সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এটি এআই ভিত্তিক রোবট কি না বা ভারতীয় রোবট কি না তা নিশ্চিত হয়ে জানানো হবে।
সিএ/এমআর


