ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় ধরনের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন। এক প্রতিবেদনে টেকক্রাঞ্চ জানিয়েছে, ভারতের এআই স্টার্টআপ নেইসাতে সর্বোচ্চ ৬০ কোটি মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে পারে প্রতিষ্ঠানটি। এই বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটির বড় অংশীদারত্ব কিংবা নিয়ন্ত্রণমূলক শেয়ার নেওয়ার পরিকল্পনাও রয়েছে ব্ল্যাকস্টোনের।
প্রতিবেদনে বলা হয়েছে, এই বিনিয়োগে ব্ল্যাকস্টোনের পাশাপাশি আরও কয়েকটি আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান যৌথভাবে যুক্ত হচ্ছে। মূলত ভারতে স্থানীয় পর্যায়ে শক্তিশালী এআই কম্পিউটিং অবকাঠামো গড়ে তোলা এবং তা দ্রুত সম্প্রসারণ করাই এই বিনিয়োগের প্রধান লক্ষ্য।
বর্তমানে ভারতে এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। এর সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ডেটা সেন্টার ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সুবিধার চাহিদা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে ভারতে ৬০ হাজারেরও কম জিপিইউ চালু রয়েছে, যা এআই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আগামী কয়েক বছরের মধ্যে এই সংখ্যা প্রায় ৩০ গুণ বাড়িয়ে ২০ লাখের বেশি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকারি সংস্থা, বড় শিল্পগোষ্ঠী এবং স্থানীয় এআই ডেভেলপারদের চাহিদা বৃদ্ধির ফলে এই খাতে বিনিয়োগ দ্রুত বাড়ছে। বিশেষ করে দেশের ভেতরেই ডেটা সংরক্ষণ এবং দ্রুত ও নিরাপদ সেবা দেওয়ার লক্ষ্যে স্থানীয় অবকাঠামো তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই বড় বিনিয়োগ যুক্তরাষ্ট্র ও ভারতের প্রযুক্তিগত সহযোগিতাকে আরও দৃঢ় করবে এবং ভারতের এআই খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিএ/এমআর


