চীনের শেনজেনে অবস্থিত উবটেক রোবোটিকস মানুষের আদলে তৈরি ‘ওয়াকার এস২’ রোবট সীমান্তে মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে। চীন-ভিয়েতনাম সীমান্তের ব্যস্ততম চেকপয়েন্টে এই মাস থেকেই রোবটগুলোর কাজ শুরু হতে পারে।
বর্তমানে চীনের গুয়াংজি প্রদেশের ফাংচেংগাং শহরে রোবটগুলোর কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। প্রতিদিন হাজার হাজার মালবাহী ট্রাক, বাস ও পর্যটকের চলাচল পর্যবেক্ষণ করছে রোবটগুলো। সফলতার পরে ভবিষ্যতে বিমানবন্দর, সমুদ্রবন্দর ও ব্যস্ত রেলস্টেশনেও এই রোবট মোতায়েন করা হবে।
ওয়াকার এস২ পূর্ণাঙ্গ মানুষের আকৃতির রোবট। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সিস্টেম রয়েছে। এটি পরিবেশ বুঝতে সক্ষম এবং জটিল পরিস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারে। ব্যাটারি শেষ হলে নিজেরাই ব্যাটারি প্যাক বদলাতে সক্ষম। উন্নত ক্যামেরা, ডেপথ সেন্সর এবং জয়েন্টে ফোর্স ফিডব্যাক সিস্টেম ব্যবহার করে ভারসাম্য বজায় রাখা এবং সংঘর্ষ এড়ানো সম্ভব।
ফাংচেংগাং সীমান্তে রোবটগুলো যাত্রীদের পথ দেখানো, যানবাহন নিয়ন্ত্রণ এবং সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি করিডর ও ওয়েটিং এরিয়াতে টহল দেবে। কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবে। সীমান্তের বাইরে রোবটগুলো কঠিন পরিবেশে কারখানায় পরিদর্শনের কাজেও ব্যবহৃত হচ্ছে। চীন ২০২৫ সালের মধ্যে হিউম্যানয়েড রোবট শিল্পে বৈশ্বিক উদ্ভাবনের লক্ষ্য নির্ধারণ করেছে। বেইজিংয়ে তিন হাজার বর্গমিটার প্রশিক্ষণকেন্দ্রও খোলা হয়েছে।
সিএ/এমআর


