রোববার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে সার্কভুক্ত চার দেশ আগ্রহ প্রকাশ করেছে। এই দেশগুলো হলো পাকিস্তান, নেপাল, ভারত ও শ্রীলঙ্কা।
তিনি বলেন, বাংলাদেশ কীভাবে পোস্টাল ব্যালট ব্যবস্থাটি বাস্তবায়ন করছে, প্রক্রিয়াটি কতটা সফল হচ্ছে এবং এতে কোনো ধরনের চ্যালেঞ্জ বা জটিলতা দেখা দিচ্ছে কি না—এসব বিষয়ে তারা বিস্তারিত জানতে চাচ্ছে।
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের জন্য মোট ১২৪টি দেশে ব্যালট পাঠানো হয়েছে। পোস্টাল ভোটের আওতায় নিবন্ধিত ৪ লাখ ২২ হাজার ৯৬০ জন প্রবাসী ভোটারের ব্যালট এরই মধ্যে দেশে পৌঁছেছে।
৭ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ২ লাখ ৭ হাজার ৩৮টি ব্যালট। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রবাসী ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের হার ৯৪ শতাংশ এবং নারী ভোটার ৬ শতাংশ।
সিএ/এমআর


