জনপ্রিয় মিউজিক ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই এবার বই বিক্রির বাজারে প্রবেশ করতে যাচ্ছে। অডিওবুক সেবার সাফল্যের ধারাবাহিকতায় ব্যবহারকারীদের জন্য সরাসরি ছাপানো বই কেনার সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। স্পটিফাই জানিয়েছে, ব্যবহারকারীরা যেন কোনো বই আগে অডিও সংস্করণে শুনে পরে চাইলে সেটির মুদ্রিত কপি কিনতে পারেন, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্পটিফাইয়ের ভাষ্য অনুযায়ী, বই পড়াকে আরও নমনীয়, ব্যক্তিগত এবং মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্তের সঙ্গে যুক্ত করাই তাদের মূল উদ্দেশ্য। ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালে প্রথম অডিওবুক সেবা চালু করে স্পটিফাই। শুরুতে অডিওবুক শুনতে হলে আলাদাভাবে বই কিনতে হতো। তবে এক বছর পর নিয়মিত সাবস্ক্রিপশনের আওতায় মাসে ১৫ ঘণ্টা পর্যন্ত অডিওবুক শোনার সুযোগ চালু করে প্রতিষ্ঠানটি।
বই বিক্রির নতুন এই ফিচারটি পরিচালিত হবে বুকশপ ডটঅর্গের মাধ্যমে। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের এলাকার স্থানীয় ও স্বতন্ত্র বইয়ের দোকান থেকে বই কিনতে পারবেন। স্পটিফাই জানিয়েছে, এতে প্রচলিত খুচরা বই বিক্রেতাদের ব্যবসার ক্ষতি হবে না বরং বর্তমান ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।
ঘোষণায় স্পটিফাই বলেছে, “ প্রচলিত খুচরা বিক্রির মাধ্যমকে সরিয়ে দেওয়ার জন্য নয়, বরং বর্তমান ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ পার্টনারশিপটি তৈরি করেছি আমরা।” প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, প্রকাশক ও পাঠকের মধ্যে সম্পর্ক জোরদার করতেও এই উদ্যোগ সহায়ক হবে।
এই প্রক্রিয়াকে সহজ করতে স্পটিফাই চালু করছে ‘পেইজ ম্যাচ’ নামের একটি নতুন টুল। এর মাধ্যমে ব্যবহারকারীরা বইয়ের যেকোনো পৃষ্ঠা স্ক্যান করে সরাসরি সংশ্লিষ্ট অডিওবুক অংশে যেতে পারবেন। একই সঙ্গে অডিওবুক শোনার সময় বইয়ের কোন পৃষ্ঠায় সেই অংশটি রয়েছে, তাও দেখা যাবে।
স্পটিফাই বলেছে, “আমরা পড়ার ভবিষ্যৎকে এমনভাবে দেখি, যা হবে ব্যক্তিগত এবং এমন যা বিভিন্ন মাধ্যম ও সময়ের সঙ্গে সহজে খাপ খাইয়ে নেয়। কীভাবে স্পটিফাই বড় পরিসরে সেই ভবিষ্যৎ গঠনে সহায়তা করছে পেইজ ম্যাচ হচ্ছে এর প্রাথমিক ধাপ।”
শুরুতে ইংরেজি ভাষার বেশিরভাগ বইয়ের ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে। সময়ের সঙ্গে সঙ্গে অন্যান্য ভাষার বইও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এদিকে গত বছরের শেষ দিকে আইওএস ব্যবহারকারীদের জন্য চালু করা ‘অডিওবুক রিক্যাপস’ ফিচারটি এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও চালু করতে যাচ্ছে স্পটিফাই।
সিএ/এমআর


