সমাজে নানা ধরনের কুসংস্কারের প্রচলন রয়েছে, যেগুলোর অনেকগুলোরই ধর্মীয় ভিত্তি নেই। এমনই একটি প্রচলিত ধারণা হলো, বিবাহিত নারীরা চুড়ি বা নাকফুল না পরলে স্বামীর অমঙ্গল ঘটে।
এ বিষয়ে ইসলামি বিশ্লেষণে আলেমরা জানিয়েছেন, এই ধারণার কোনো ভিত্তি নেই। ফুকাহায়ে কেরামের মতে, স্ত্রী চুড়ি বা নাকফুল না পরলে স্বামীর অমঙ্গল হয়—এটি সম্পূর্ণ মনগড়া ও কুসংস্কার। এ ধরনের বিশ্বাস পরিহার করা উচিত।
ইসলামের দৃষ্টিতে মানুষের জীবন-মৃত্যু মহান আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। নির্ধারিত সময়ের আগে বা পরে কারও মৃত্যু হয় না। তাই অলংকার পরিধানের সঙ্গে জীবনের কল্যাণ বা অমঙ্গলের কোনো সম্পর্ক নেই।
তবে নারীদের জন্য অলংকার পরিধান করা বৈধ। হাদিসে উল্লেখ রয়েছে, নবিজি (সা.)-এর সময় নারী সাহাবিরা কানে অলংকার পরিধান করতেন এবং প্রয়োজনে তা দানও করতেন।
নাক বা কান ফোঁড়ানোর বিষয়ে ইসলাম কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি। কেউ চাইলে অলংকার পরতে পারেন, আবার না পরলেও কোনো সমস্যা নেই। এটি সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয়।
সুতরাং, চুড়ি বা নাকফুল না পরলে অমঙ্গল হয়—এমন ধারণা ভিত্তিহীন এবং তা থেকে বিরত থাকা উচিত।
সিএ/এমআর


