ওমরাহ পালনে সৌদি আরবে অবস্থানরত বিদেশি নাগরিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আসন্ন হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ১৪৪৭ হিজরির ১ জিলকদ, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ১৮ এপ্রিল ২০২৬, তার মধ্যে সব ওমরাহ ভিসাধারীকে সৌদি আরব ছাড়তে হবে। নির্ধারিত সময়সীমার পর কেউ অবস্থান করলে তা ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
ওমরাহযাত্রীদের সুশৃঙ্খলভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠানো এবং হজযাত্রীদের আগমনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতেই এই নির্দেশনা জারি করা হয়েছে।
প্রতি বছর রমজান মাসের পর থেকেই সৌদি আরব হজ মৌসুমকে সামনে রেখে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিএ/এমআর


