ইসলামে প্রকৃত সাফল্য শুধু দুনিয়াবি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ইহকাল ও পরকালের কল্যাণের সমন্বয়কে বোঝায়। পবিত্র কোরআনে মোমিনদের জন্য কিছু নির্দিষ্ট গুণাবলি বর্ণনা করা হয়েছে, যা তাদের জীবনকে সাফল্যের পথে পরিচালিত করে।
কোরআনের বর্ণনা অনুযায়ী, মোমিনদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ইবাদতে খুশু বা বিনয়। এটি মানুষের অন্তরে আল্লাহভীতি ও সচেতনতা সৃষ্টি করে। এর ফলে তারা অনর্থক কাজ থেকে বিরত থাকে এবং নৈতিক জীবনযাপন করে।
মোমিনরা জাকাত আদায় ও আত্মশুদ্ধির প্রতি গুরুত্ব দেন। পাশাপাশি তারা নিজেদের পবিত্রতা রক্ষা করেন এবং অবৈধ কাজ থেকে দূরে থাকেন।
সামাজিক জীবনে তারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করেন, যা তাদের বিশ্বস্ততা প্রমাণ করে। ইসলামে আমানত শুধু বস্তুগত সম্পদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দায়িত্ব ও কর্তব্যও এর অন্তর্ভুক্ত।
কোরআনে আরও উল্লেখ করা হয়েছে, মোমিনরা নম্রভাবে চলাফেরা করেন, অজ্ঞদের সঙ্গে উত্তম আচরণ করেন এবং রাতে ইবাদতে মনোনিবেশ করেন। তারা ব্যয়ে মধ্যপন্থা অবলম্বন করেন এবং অপচয় ও কৃপণতা থেকে বিরত থাকেন।
এছাড়া তারা শিরক, হত্যা ও ব্যভিচারের মতো বড় পাপ থেকে নিজেদের দূরে রাখেন এবং ভুল হলে দ্রুত তওবা করেন।
ইসলামী শিক্ষা অনুযায়ী, এসব গুণাবলির সমন্বয়ই একজন মোমিনকে দুনিয়ায় শান্তি ও পরকালে জান্নাত লাভের পথে এগিয়ে নেয়।
সিএ/এমআর


