রমজান মাস আত্মসংযমের পাশাপাশি সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষার বাস্তব প্রয়োগ ঘটে সাদাকাতুল ফিতরের মাধ্যমে, যা ঈদের আগে সামর্থ্যবান মুসলমানদের জন্য প্রদান করা বাধ্যতামূলক।
ফিতরা শুধু একটি দান নয়, বরং এটি দরিদ্র মানুষের ন্যায্য অধিকার হিসেবে বিবেচিত। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর তাদের সম্পদে ছিল ভিক্ষুক ও বঞ্চিতের নির্দিষ্ট অধিকার।’ -সূরা আয-যারিয়াত: ১৯
এই নির্দেশনা সমাজে অর্থনৈতিক ভারসাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বার্তা দেয়। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, ‘হজরত রাসূলুল্লাহ (সা.) সদকাতুল ফিতর নির্ধারণ করেছেন রোজাদারের অপ্রয়োজনীয় কথা ও ভুলত্রুটি থেকে পবিত্রতা অর্জনের জন্য এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার জন্য।’ -সুনানে আবু দাউদ: ১৬০৯
এই হাদিসে ফিতরার দুটি মূল উদ্দেশ্য স্পষ্ট করা হয়েছে। প্রথমত, এটি রোজার ত্রুটি সংশোধন করে আত্মশুদ্ধি নিশ্চিত করে। দ্বিতীয়ত, এটি দরিদ্র মানুষের খাদ্যের ব্যবস্থা করে, যাতে তারা ঈদের আনন্দে অংশ নিতে পারে।
সমাজে অর্থনৈতিক বৈষম্য কমাতে ফিতরার গুরুত্ব অপরিসীম। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মধ্যে ভাগ হয়ে যায়। ফিতরার মাধ্যমে ধনী ও দরিদ্রের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হয়।
বিশেষজ্ঞরা মনে করেন, ঈদের আগেই ফিতরা প্রদান করা উচিত, যাতে দরিদ্র মানুষ সেই অর্থ বা খাদ্য ব্যবহার করে নিজেদের প্রস্তুত করতে পারে। এতে তাদের জন্য ঈদের দিনটিও আনন্দময় হয়ে ওঠে।
ফিতরা মানুষের মধ্যে দায়িত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করে। এটি শুধু ধর্মীয় অনুশাসন নয়, বরং একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ উপায়।
সিএ/এমআর


