ইসলামে হালাল ও পবিত্র উপার্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয়, আল্লাহ পবিত্র এবং তিনি কেবল পবিত্র বিষয়ই গ্রহণ করেন। তাই ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক অপরিহার্য।
মানুষের জীবনে যা কিছু ভোগ বা ব্যবহার করা হয়, সবই রিজিকের অন্তর্ভুক্ত। এই রিজিক হালাল হওয়ার জন্য তিনটি শর্ত পূরণ করতে হয়। প্রথমত, বস্তুটি নিজেই বৈধ হতে হবে। দ্বিতীয়ত, তা অর্জনের পদ্ধতি বৈধ হতে হবে। তৃতীয়ত, ব্যবহারের ক্ষেত্রেও শরিয়তের বিধান মেনে চলতে হবে।
এই তিনটির যেকোনো একটি লঙ্ঘিত হলে সেই রিজিক আর হালাল থাকে না। হারাম উপায়ে অর্জিত সম্পদ যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি বৈধ বস্তু অবৈধভাবে অর্জন করলেও তা গ্রহণযোগ্য হয় না।
দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে সততা বজায় রাখাও হালাল রিজিকের গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসায়ে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, প্রতারণা করা কিংবা মজুতদারি করে কৃত্রিম সংকট তৈরি করা—এসবই নিষিদ্ধ।
একইভাবে শ্রমিক ও মালিক উভয়ের দায়িত্ব রয়েছে ন্যায্যতা বজায় রাখার। শ্রমিক যদি দায়িত্বে অবহেলা করে বা মালিক যদি ন্যায্য অধিকার না দেয়, তবে উভয়ের উপার্জন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
হালাল উপার্জনের জন্য প্রচেষ্টা করাকে ইবাদতের অংশ হিসেবে বিবেচনা করা হয়। সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ীদের বিশেষ মর্যাদার কথাও উল্লেখ করা হয়েছে। ফলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নৈতিকতা বজায় রাখাই প্রকৃত সফলতার পথ।
সিএ/এমআর


