ভারতে রমজান মাস শুধুমাত্র ধর্মীয় আচার নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলার এক অনন্য উদাহরণ। দেশটির বিভিন্ন অঞ্চলে ইফতারের খাবার ও রীতিতে রয়েছে বৈচিত্র্য, যা একদিকে ঐতিহ্য বহন করে, অন্যদিকে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে।
বিশ্বের অন্যান্য দেশের মতো খেজুর বা পানি দিয়ে ইফতার শুরু করার পাশাপাশি ভারতের কিছু অঞ্চলে লবণ দিয়ে রোজা ভাঙার প্রচলন রয়েছে। অনেকেই মনে করেন, দীর্ঘ সময় উপবাসের পর এক চিমটি লবণ শরীরের জন্য উপকারী।
ইফতারের টেবিলে রুহ আফজা একটি অপরিহার্য পানীয় হিসেবে বিবেচিত হয়। এর পাশাপাশি পাকোড়া, ঘুগনি, গঞ্জি, সুজি হালুয়া ও দুধ-সেমাইয়ের মতো বিভিন্ন খাবার ইফতারকে সমৃদ্ধ করে। কোথাও ডাল ও পুরি দিয়েও ইফতার করা হয়।
ভারতের রমজানের অন্যতম বৈশিষ্ট্য হলো ইফতার পার্টি, যেখানে সব ধর্মের মানুষ একসঙ্গে অংশ নেন। এই আয়োজন সামাজিক সম্প্রীতির একটি সুন্দর উদাহরণ হিসেবে দেখা হয়।
তবে মাঝে মাঝে সাম্প্রদায়িক উত্তেজনা এই আনন্দঘন পরিবেশে প্রভাব ফেললেও, দেশটির মুসলিমরা তাদের ঐতিহ্য ধরে রেখে রমজানকে উৎসবমুখর করে তোলেন।
সিএ/এমআর


