ইতিহাসের পাতায় ১১ রমজান এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই দিনে একদিকে আব্বাসীয় খিলাফতের সূচনা ঘটে, অন্যদিকে পারস্য বিজয় ও পরবর্তীতে মঙ্গোল আক্রমণের মতো ঘটনাও ইতিহাসে চিহ্নিত হয়ে আছে।
১২৯ হিজরির ১১ রমজান আব্বাসীয় বিপ্লবের আনুষ্ঠানিক সূচনার দিন। খোরাসানে আবু মুসলিম খোরাসানির নেতৃত্বে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে উমাইয়া শাসনের অবসান এবং নতুন রাজনৈতিক শক্তির উত্থান শুরু হয়। এই আন্দোলন দ্রুত ইরাক ও সিরিয়া পর্যন্ত বিস্তৃত হয়ে পুরো ইসলামী বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে দেয়।
১৩ হিজরির ১১ রমজানে বুওয়াইব যুদ্ধে মুসলিম বাহিনী পারস্যের সাশানিদ বাহিনীকে পরাজিত করে। এই বিজয় মুসলিমদের মনোবল পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পরবর্তীতে মাদায়েন বিজয়ের পথ সুগম করে।
৬৫৫ হিজরির ১১ রমজানে মঙ্গোল নেতা হালাকু খান বাগদাদের আব্বাসীয় খলিফার কাছে আত্মসমর্পণের দাবি জানিয়ে চরমপত্র পাঠান। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও দুর্বল প্রতিরক্ষার কারণে কয়েক মাসের মধ্যেই বাগদাদ ভয়াবহ ধ্বংসযজ্ঞের শিকার হয়।
৯২২ হিজরির ১১ রমজানে মারজ দাবিক যুদ্ধে মামলুকদের পরাজয়ের পর ওসমানীয় সুলতান প্রথম সেলিম বিনা যুদ্ধে দামেস্কে প্রবেশ করেন। এর মাধ্যমে সিরিয়ায় ওসমানীয় আধিপত্যের সূচনা হয় এবং মামলুক শাসনের অবসান ঘটে।
সিএ/এমআর


