রমজান মাস ইবাদত ও নেক আমলের বিশেষ সময়। বছরের অন্য সময়ের তুলনায় এই মাসে মুসলমানরা বেশি মনোযোগের সঙ্গে আল্লাহর ইবাদতে নিজেদের নিয়োজিত করেন। রমজানের শুরুতে মসজিদগুলোতে ধর্মপ্রাণ মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়, যা মুসলিম সমাজের ধর্মীয় উদ্দীপনার প্রতিফলন।
এই বরকতময় মাসে প্রথম ও গুরুত্বপূর্ণ আমল হলো কুরআন তিলাওয়াত। রমজান মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। তাই প্রতিদিন অল্প হলেও নিয়মিত কুরআন তিলাওয়াত করা সুন্নতস্বরূপ আমল হিসেবে বিবেচিত।
দান-সদকা রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ আমল। এই মাসে দান করলে তার সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বিশেষভাবে বেশি দান করতেন বলে হাদিসে উল্লেখ রয়েছে।
ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা রমজানে আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন এবং দুশ্চিন্তা ও সংকট থেকে মুক্তির পথ খুলে দেন।
এছাড়া রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করা বিশেষ ফজিলতপূর্ণ আমল। এই মাসে আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত থাকে এবং প্রতিটি রাতে বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় বলে হাদিসে এসেছে।
সিএ/এমআর


