ইসলামে ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির দায়িত্ব ব্যক্তিগতভাবে পালন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রোজা ও নামাজের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। প্রশ্ন উঠেছে—একজন মানুষ কি অন্য অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখতে পারে এবং সে ক্ষেত্রে একাধিক ব্যক্তির কাছ থেকে ফিদিয়া নিতে পারে কি না।
ইসলামি ফিকহ অনুযায়ী, একজনের অনাদায়ী রোজা বা নামাজ অন্য কেউ আদায় করতে পারে না। সাহাবি আবদুল্লাহ ইবন ওমরের বর্ণনায় স্পষ্টভাবে বলা হয়েছে, কেউ অন্যের পক্ষ থেকে রোজা বা নামাজ আদায় করবে না। ফলে একাধিক ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখার সুযোগ নেই।
তবে যাঁরা শারীরিকভাবে রোজা রাখতে অক্ষম—যেমন দুর্বল বৃদ্ধ বা এমন অসুস্থ ব্যক্তি যাদের সুস্থ হওয়ার সম্ভাবনা নেই—তাদের জন্য ফিদিয়া দেওয়ার বিধান রয়েছে। প্রতিটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুই বেলা খাবার বা তার সমমূল্যের অর্থ প্রদান করতে হয়।
ফিকহের ব্যাখ্যা অনুযায়ী, যেসব ব্যক্তি সাময়িক কারণে রোজা রাখতে পারেন না—যেমন মুসাফির, গর্ভবতী নারী বা স্তন্যদানকারী মা—তাদের ক্ষেত্রে ফিদিয়া নয়, বরং পরে কাজা রোজা আদায় করা ফরজ। আর ওজরের অবস্থায় মৃত্যুবরণ করলে কাজা ও ফিদিয়া উভয়ই মাফ হয়ে যায়।
সিএ/এমআর


