বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে সারাদেশে পবিত্র রমজান মাস গণনা শুরু হয়েছে। সে হিসেবে আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।
বুধবার ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাপ্ত সব তথ্য ও পর্যবেক্ষণ বিশ্লেষণ করে কমিটি সর্বসম্মতভাবে এ ঘোষণা দেয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি। সভায় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ বিভিন্ন ধর্মীয় ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
জাতীয় চাঁদ দেখা কমিটি জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে।
এই সিদ্ধান্ত অনুযায়ী রমজানের ২৬তম রাত অর্থাৎ ১৬ মার্চ দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। মুসলমানদের কাছে এই রাত হাজার মাসের চেয়েও উত্তম হিসেবে বিবেচিত।
সিএ/এমআর


