পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে একই নিয়ম অনুসরণ করে খতমে তারাবিহ আদায়ের আহ্বান জানিয়েছে সরকার। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসের প্রথম ছয় দিনে দেড় পারা করে মোট নয় পারা এবং পরবর্তী ২১ দিনে প্রতিদিন এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে খতমে তারাবিহ আদায়ের অনুরোধ জানানো হয়েছে। এই নিয়ম অনুসরণ করলে ২৭ রমজান রাতে, অর্থাৎ পবিত্র শবে কদরে, পবিত্র কোরআন খতম করা সম্ভব হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, দেশে অধিকাংশ মসজিদে খতমে তারাবিহ নামাজে নির্দিষ্ট পরিমাণ কোরআন তিলাওয়াতের রেওয়াজ রয়েছে। তবে বিভিন্ন মসজিদে তিলাওয়াতের পরিমাণে ভিন্নতা দেখা যায়। এর ফলে কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের এক মসজিদ থেকে অন্য মসজিদে যাতায়াতের সময় কোরআন খতমের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এতে অনেক সময় মুসল্লিদের মধ্যে মানসিক চাপ ও অতৃপ্তি তৈরি হয় এবং পূর্ণ সওয়াব থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে।
এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইসলামিক ফাউন্ডেশন দেশের সব মসজিদে একই নিয়মে খতমে তারাবিহ আদায়ের আহ্বান জানিয়েছে। এ জন্য মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে তারাবিহ নামাজে প্রতিদিন কোন সূরা ও কোন আয়াত তিলাওয়াত করা হবে, তার বিস্তারিত তালিকাও দেওয়া হয়েছে। প্রথম তারাবিহ থেকে শুরু করে ২৭তম তারাবিহ পর্যন্ত সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ধারাবাহিকভাবে তিলাওয়াতের নির্দেশনা উল্লেখ করা হয়, যাতে নির্ধারিত সময়ে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা যায়।
সিএ/এমআর


