কুরআনুল কারিমে এমন একটি দোয়া উল্লেখ আছে, যেখানে একজন মুমিন নিজের জন্য, বাবা-মা ও সমগ্র মুমিন উম্মাহর জন্য ক্ষমা প্রার্থনা করতে পারেন। এটি একটি বিস্তৃত ও হৃদয়স্পর্শী দোয়া, যা নবীর দৃষ্টিকোণ থেকে অন্যদের কল্যাণের গুরুত্ব তুলে ধরে।
দোয়াটি হলো—
رَبِّ اغۡفِرۡ لِیۡ وَ لِوَالِدَیَّ وَ لِمَنۡ دَخَلَ بَیۡتِیَ مُؤۡمِنًا وَّ لِلۡمُؤۡمِنِیۡنَ وَ الۡمُؤۡمِنٰتِ ؕ وَ لَا تَزِدِ الظّٰلِمِیۡنَ اِلَّا تَبَارًا
উচ্চারণ: ‘রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়্যা ওয়া লিমান দাখালা বাইতিয়া মু’মিনাও ওয়া লিলমু’মিনিনা ওয়াল মু’মিনাতি, ওয়া লা তাযিদিজ জ্বলিমিনা ইল্লা তাবারা।’
অর্থ: ‘হে আমার রব! আপনি ক্ষমা করুন আমাকে, আমার পিতা-মাতাকে, যারা ঈমান নিয়ে আমার ঘরে প্রবেশ করে তাদেরকে, আর সমস্ত মুমিন পুরুষ ও নারীদেরকে। আর জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি করুন।’ (সুরা নুহ: আয়াত ২৮)
দোয়াটির শিক্ষা:
- নিজের জন্য ক্ষমা প্রার্থনা
- বাবা–মায়ের জন্য মাগফিরাত
- ঘরে আগত মুমিনদের জন্য দোয়া
- সমগ্র মুমিন উম্মাহর কল্যাণ কামনা
- জালিমদের বিরুদ্ধে ন্যায়বিচার প্রার্থনা
দোয়াটি আমাদের শেখায়, একজন মুমিন কখনো একা বাঁচে না; তার দোয়াতেও থাকে অন্যদের কল্যাণ। এটি শুধু মুখে না পড়ে অনুভবে পড়ে নিয়মিত আমল করা উচিত।
সিএ/এমআর


