বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য ছয়টি ঐতিহাসিক মসজিদ নির্বাচন করা হয়েছে। নির্বাচিত মসজিদগুলো হলো জামে আরদেস্তান, জামে জাভারে, আগা বোযর্গ কাশান, জামে নাটাঞ্জ, জামে ইশতারজান এবং জামে নাইইন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সদর দপ্তর ও ইউনেস্কোর বিশেষজ্ঞদের পেশাদার মূল্যায়নের ভিত্তিতে এই নির্বাচন করা হয়েছে।
ফারস সংবাদ সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়, ইসফাহান প্রদেশের ফালাভারজান কাউন্টি সফরকালে প্রাদেশিক কর্মকর্তারা ঐতিহাসিক নিদর্শনের জাতীয় ও আন্তর্জাতিক নিবন্ধনের গুরুত্ব তুলে ধরেন। ইসফাহানের গভর্নর জানান, পর্যটন উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণ এই প্রশাসনের অন্যতম অগ্রাধিকার।
ইসফাহান প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প বিভাগের মহাপরিচালক আমির করমজাদে জানান, ইশতারজান জামে মসজিদ ইতোমধ্যে ইউনেস্কোর প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মসজিদের জরুরি সংস্কারের জন্য প্রায় ৫ বিলিয়ন তুমান এবং সংশ্লিষ্ট প্রকল্পে মোট ১৫ বিলিয়ন তুমান বাজেট বরাদ্দের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তার ভাষায়, ইসফাহান প্রদেশ থেকে ছয়টি মসজিদ বিশ্ব ঐতিহ্যের জন্য মনোনীত ৩৬টি মসজিদের তালিকায় রয়েছে। তবে এই নিবন্ধনের ক্ষেত্রে আইনি ও ব্যবস্থাপনাগত জটিলতা দূর করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সাংস্কৃতিক পরিসর উন্নয়নের কাজ চলমান রয়েছে।
প্রায় ১৫০০ বর্গমিটার আয়তনের ইশতারজান জামে মসজিদটি সেলজুক যুগে নির্মিত এবং ইলখানি আমলে এর সম্প্রসারণ ঘটে। মসজিদটিতে ইরানি–ইসলামি স্থাপত্যের সব বৈশিষ্ট্য বিদ্যমান, যার মধ্যে রয়েছে প্রশস্ত সাহন, গম্বুজকক্ষ, মেহরাব, মাকসুরা ও অলংকৃত ইওয়ান।
ইতিহাসবিদদের মতে, এই মসজিদগুলোর সীমিত ও সংরক্ষণমূলক সংস্কারকাজ বিশ্ব ঐতিহ্য হিসেবে নিবন্ধনের সম্ভাবনা বাড়িয়েছে। এর মাধ্যমে এই ঐতিহাসিক নিদর্শনগুলো আন্তর্জাতিকভাবে আরও পরিচিত হবে এবং সংরক্ষণের নতুন সুযোগ তৈরি হবে।
সিএ/এমআর


