নবী ইউসুফ (আ.)-এর জীবনের ঘটনাপ্রবাহ কোরআনে হৃদয়স্পর্শী ও শিক্ষণীয়ভাবে বর্ণিত। তিনি যেভাবে মিসরের রাজক্ষমতা লাভ করেন, তা আল্লাহর পরিকল্পনা, ধৈর্য ও নৈতিকতার এক অনন্য দৃষ্টান্ত।
ইউসুফ (আ.) নবী ইয়াকুব (আ.)-এর প্রিয় পুত্র। শৈশবে তিনি একটি স্বপ্ন দেখেন, যেখানে সূর্য, চাঁদ ও ১১টি নক্ষত্র তাকে সিজদা করছে। ভাইদের ঈর্ষা তাকে কূপে ফেলে এবং পরে কাফেলার মাধ্যমে মিসরে বিক্রি করা হয়। মিসরে আজিজের ঘরে আশ্রয় পান। সততা ও চরিত্রের দৃঢ়তা দ্রুত নজরে আসে, তবে আজিজের স্ত্রীর প্ররোচনায় অন্যায়ের শিকার হন এবং কারাগারে নিক্ষিপ্ত হন।
কারাগারেও তিনি আল্লাহর দাওয়াত চালিয়ে যান। সহবন্দিদের স্বপ্নের ব্যাখ্যা করেন এবং তাওহিদ আহ্বান জানান। কয়েক বছর পর মিসরের বাদশাহ একটি স্বপ্ন দেখেন। রাজদরবারে ইউসুফ (আ.)-কে স্মরণ করা হয়। তিনি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে সাত বছরের প্রাচুর্যের পর সাত বছরের দুর্ভিক্ষের পূর্বাভাস দেন এবং বাস্তব পরিকল্পনা তুলে ধরেন।
বাদশাহ ইউসুফ (আ.)-এর প্রজ্ঞা ও সততা দেখে তাকে মুক্তি দেন। নিজের নির্দোষিতা প্রমাণ ছাড়া রাজদরবারে উপস্থিত হননি। পরবর্তীতে মিসরের কোষাগার ও অর্থব্যবস্থার দায়িত্ব পান। কোরআনে উল্লেখ আছে, ইউসুফ (আ.) ছিলেন ক্ষমতাবান ও বিশ্বাসযোগ্য। দাস ও বন্দি থেকে তিনি আল্লাহর পরিকল্পনায় মিসরের রাজত্ব ও প্রশাসনিক ক্ষমতা লাভ করেন।
সিএ/এমআর


