গরমের দিনে হালকা ও সহজপাচ্য খাবারের চাহিদা বাড়ে। এমন সময়ে চিংড়ি দিয়ে লাউ শাকের ঝোল হতে পারে পুষ্টিকর ও সুস্বাদু একটি পদ। গ্রামবাংলার পরিচিত এই রান্না স্বাদে যেমন আলাদা, তেমনি স্বাস্থ্যকরও।
এই রান্নায় ব্যবহৃত হয় লাউ শাক, মাঝারি আকারের চিংড়ি, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, হলুদ ও মরিচ গুঁড়া। অল্প মসলায় সহজেই তৈরি করা যায় এই ঝোল।
প্রথমে লাউ শাক পরিষ্কার করে কেটে নিতে হয় এবং চিংড়ি লবণ ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয়। এরপর কড়াইয়ে তেল গরম করে চিংড়ি হালকা ভেজে তুলে রাখা হয়।
একই তেলে পেঁয়াজ ও রসুন ভেজে মসলা কষানো হয়। পরে আলু ও লাউ শাক দিয়ে রান্না করা হয়। শাক নরম হয়ে এলে ভাজা চিংড়ি ও কাঁচা মরিচ দিয়ে অল্প পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হয়।
পাতলা ঝোল রেখে রান্না করলে স্বাদ বেশি ভালো হয়। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এই পদটি আরও উপভোগ্য হয়ে ওঠে।
লাউ শাক শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং হজমে সহায়ক। অন্যদিকে চিংড়ি প্রোটিনের ভালো উৎস, যা শরীরের শক্তি জোগায়।
সিএ/এমআর


