ঘরে বসেই সহজ উপায়ে তৈরি করা যায় সুস্বাদু গুড়ের রসগোল্লা। সঠিক উপকরণ ও প্রণালি অনুসরণ করলে এই মিষ্টান্নটি হয়ে ওঠে নরম ও রসাল।
প্রথমে একটি পাত্রে ১ লিটার পূর্ণ ননিযুক্ত তরল দুধ জ্বালে বসাতে হবে। দুধ ফুটে উঠলে এতে ২ টেবিল চামচ ভিনেগার দিয়ে নেড়ে দুধ ফাটাতে হবে। এরপর চুলা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিতে হবে।
ফাটা দুধ থেকে ছানা আলাদা করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে ভিনেগারের গন্ধ না থাকে। এরপর সুতি কাপড়ে ছানা বেঁধে ঝুলিয়ে রেখে অতিরিক্ত পানি ঝরিয়ে নিতে হবে।
পানি ঝরে গেলে ছানা একটি পাত্রে নিয়ে ভালোভাবে মেখে মসৃণ করতে হবে। হাতের তালু দিয়ে ১৫ থেকে ২০ মিনিট মাখতে হবে, যতক্ষণ না ছানা নরম ও তেলতেলে হয়ে আসে। এরপর ছোট ছোট বল তৈরি করতে হবে, খেয়াল রাখতে হবে যেন বলগুলোর মধ্যে কোনো ফাটল না থাকে।
অন্য একটি ভারী পাত্রে ১ কাপ খেজুর গুড়, ১ কাপ চিনি ও ৫ কাপ পানি দিয়ে শিরা তৈরি করতে হবে। শিরা ফুটে উঠলে তাতে একে একে ছানার বলগুলো ছেড়ে দিতে হবে এবং ৩৫ থেকে ৪০ মিনিট জ্বাল দিতে হবে।
রান্নার সময় মাঝে মাঝে নেড়ে দিতে হবে এবং শিরা বেশি ঘন হয়ে গেলে অল্প পানি যোগ করে পাতলা করতে হবে। নির্দিষ্ট সময় পর চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ শিরায় ভিজিয়ে রেখে পরিবেশন করতে হবে।
সিএ/এমআর


