ইফতারে ভিন্ন স্বাদের কিছু রাখতে চাইলে চিলি চিকেন উইংস হতে পারে দারুণ একটি পদ। বাইরে মচমচে আর ভেতরে নরম এই খাবারটি ঝাল, টক ও মিষ্টি সসের সংমিশ্রণে বিশেষ স্বাদ তৈরি করে। সহজেই এয়ার ফ্রায়ারে তৈরি করা যায় এই রেসিপি।
প্রথমে ৫০০ গ্রাম মুরগির উইংস ধুয়ে একটি পাত্রে নিতে হবে। এরপর এতে পাপরিকা গুঁড়া, মিক্সড হার্বস, সরিষা গুঁড়া, লবণ, গোলমরিচ গুঁড়া, কর্নফ্লাওয়ার, রসুন বাটা ও সামান্য তেল দিয়ে ভালোভাবে মেখে ৩০ মিনিট মেরিনেট করতে হবে। এরপর এয়ার ফ্রায়ারে ১৫ থেকে ২০ মিনিট রান্না করতে হবে, মাঝপথে একবার উল্টে দিতে হবে যাতে সমানভাবে মচমচে হয়।
চিলি সস তৈরির জন্য মাখন ও তেল গরম করে তাতে রসুন কুচি ভেজে নিতে হবে। এরপর পানি দিয়ে হালকা আঁচে জ্বাল দিয়ে জেলি বা চিনি, টমেটো কেচাপ, সয়া সস ও চিলিফ্লেক্স মিশিয়ে নিতে হবে। শেষে স্বাদমতো লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে।
শেষ ধাপে ভাজা উইংসের ওপর সস ঢেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাইলে সাওয়ার ক্রিমের সঙ্গে পরিবেশন করা যেতে পারে। এই ঝাল-মিষ্টি খাবারটি ইফতারে ভিন্ন মাত্রা যোগ করবে।
সিএ/এমআর


