অনেকেই ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা, অস্বস্তি কিংবা ঢেকুর ওঠার সমস্যায় ভোগেন। নিয়মিত এমন পরিস্থিতি তৈরি হলে তা দৈনন্দিন জীবনে অস্বস্তি সৃষ্টি করে এবং খাওয়ার প্রতি অনীহা তৈরি করতে পারে। তবে খাদ্যাভ্যাস ও জীবনযাপনে কিছু পরিবর্তন আনলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়া বা দীর্ঘ সময় বসে থাকা ঠিক নয়। এতে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। খাবারের পর অন্তত ১৫ মিনিট হালকা হাঁটাহাঁটি করলে হজমে সহায়তা করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পাশাপাশি অ্যাসিডিটির ঝুঁকিও কমে।
একসঙ্গে অতিরিক্ত খাবার খাওয়ার পরিবর্তে অল্প অল্প করে বারবার খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর বেশি খেলে হজমে সমস্যা তৈরি হয় এবং বিপাক প্রক্রিয়াও ব্যাহত হয়। তাই দুই থেকে তিন ঘণ্টা পরপর অল্প পরিমাণে খাবার গ্রহণ করলে হজম ভালো থাকে।
খাবারের সময় অতিরিক্ত পানি পান করাও পেট ফাঁপার কারণ হতে পারে। এতে পাকস্থলীতে চাপ সৃষ্টি হয়। তাই প্রয়োজন ছাড়া খাবারের সময় পানি না খেয়ে খাবারের অন্তত ২০ থেকে ৩০ মিনিট পরে পানি পান করা ভালো। এছাড়া কার্বোনেটেড পানীয় এড়িয়ে চলা উচিত।
খাওয়ার সময় মনোযোগ ধরে রাখাও গুরুত্বপূর্ণ। তাড়াহুড়া করে বা কথা বলতে বলতে খাবার খেলে পেটে অতিরিক্ত বাতাস প্রবেশ করে, যা পেট ফাঁপার সমস্যা বাড়ায়। ধীরে ধীরে চিবিয়ে খাওয়ার অভ্যাস হজমে সহায়ক।
সিএ/এমআর


