ঈদের আনন্দঘন আয়োজন মিষ্টান্ন ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায়। এবারের ঈদে ভিন্ন স্বাদের ডেজার্ট হিসেবে মেনুতে রাখা যেতে পারে এরাবিক মিল্ক পুডিং, যা ক্রিমি ও সুস্বাদু একটি খাবার।
এই ডেজার্ট তৈরিতে প্রয়োজন হয় ময়দা, দুধ, বাটার, চিনি, কর্নফ্লাওয়ার, গোলাপজল, বাদাম কুচি ও সামান্য লবণ।
প্রথমে একটি প্যানে বাটার গলিয়ে তাতে ময়দা দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হয়। মিশ্রণটি হালকা বাদামি হলে ধীরে ধীরে দুধ যোগ করে নাড়তে হয়, যাতে দলা না বাঁধে। এরপর গোলাপজল ও লবণ দিয়ে মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত জ্বাল দিয়ে একটি পাত্রে ঢেলে সেট হতে দেওয়া হয়।
অন্যদিকে, কর্নফ্লাওয়ার পানিতে গুলে রেখে আলাদা করা হয়। এরপর চিনি ও পানি দিয়ে ক্যারামেল তৈরি করে তাতে কর্নফ্লাওয়ারের মিশ্রণ যোগ করে ঘন করা হয়।
প্রস্তুত ক্যারামেল সেট করা দুধের স্তরের ওপর ঢেলে দেওয়া হয় এবং ওপর থেকে বাদাম কুচি ছড়িয়ে দেওয়া হয়। এরপর কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করলে পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যায় এরাবিক মিল্ক পুডিং।
সিএ/এমআর


