রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের টেবিলে নানা পদ থাকলেও অনেকের কাছে এক কাপ চা যেন ইফতারের অপরিহার্য অংশ। ইফতার শেষ হতেই অনেকেই চায়ের কাপে চুমুক দিতে পছন্দ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায়ই দেখা যায় ইফতারের পর চা পান করার নানা ছবি ও অভিজ্ঞতা শেয়ার করতে।
কারও পছন্দ দুধ-চা, কেউ আবার লাল চা পান করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আবার অনেকেই আদা, দারুচিনি, লবঙ্গ বা তেজপাতা দিয়ে তৈরি মসলা চা পান করতে ভালোবাসেন। অনেকের কাছে ইফতারের পর এক কাপ চা সারাদিনের ক্লান্তি দূর করে সতেজতা ফিরিয়ে আনার একটি উপায়।
তবে বিশেষজ্ঞদের মতে, ইফতারের সঙ্গে সঙ্গেই চা পান করা সবসময় ভালো নাও হতে পারে। রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রভাষক ফাতেমা আকতার এক নিবন্ধে জানান, ইফতারের পর চা পান করা যাবে, তবে সময়, ধরন ও পরিমাণ সম্পর্কে সচেতন থাকা জরুরি।
তার মতে, ইফতারের পর অনেকেই বিশ্রামের সুযোগ পান না। এমন পরিস্থিতিতে সতেজতা ফিরে পেতে চা পান ইতিবাচক ভূমিকা রাখতে পারে। চায়ের ক্যাফেইন ক্লান্তি দূর করতে সহায়তা করে। বিশেষ করে আদা, তেজপাতা, দারুচিনি বা লবঙ্গ দিয়ে তৈরি মসলা চা শরীরকে সতেজ অনুভূতি দিতে পারে।
তবে পরিপাক ও পুষ্টিগত দিক থেকে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো খাবার খাওয়ার অন্তত ২০ মিনিট পর পানি বা অন্য পানীয় পান করা উচিত। তবে পানীয়টি যদি চা হয়, তাহলে সময়ের ব্যবধান আরও বাড়ানো ভালো। কারণ চায়ের ট্যানিন খাবার থেকে আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে। তাই সাধারণত খাবার খাওয়ার প্রায় এক ঘণ্টা পর চা পান করার পরামর্শ দেওয়া হয়।
ইফতারের পর অনেকেই দুধ-চা পান করতে পছন্দ করেন। তবে দুধ-চা অনেকের ক্ষেত্রে অ্যাসিডিটি বা পেট ফাঁপার মতো সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে ইফতারে ভাজাপোড়া খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে দুধ-চা পান করলে এসব সমস্যা বাড়তে পারে।
বিশেষজ্ঞরা আরও সতর্ক করে বলেন, ইফতারের পর অতিরিক্ত চা পান করা ঠিক নয়। এতে প্রস্রাবের পরিমাণ বাড়তে পারে এবং শরীরে পানিশূন্যতার ঝুঁকি তৈরি হতে পারে। রমজান মাসে দীর্ঘ সময় পানি না খাওয়ার কারণে অনেকেই পানিশূন্যতায় ভোগেন, তাই অতিরিক্ত চা বা কফি পান এ ক্ষেত্রে ঝুঁকি বাড়াতে পারে।
এ ছাড়া চায়ের ক্যাফেইন স্নায়ুকে উদ্দীপিত করে, যা ঘুমের ওপরও প্রভাব ফেলতে পারে। তাই ইফতারের পর এক কাপ মৃদু বা মাঝারি লিকারের চা পান করাই শরীরের জন্য তুলনামূলকভাবে ভালো বলে বিশেষজ্ঞরা মনে করেন।
সিএ/এমআর


