রমজান মাসে ইফতারের টেবিলে ঠান্ডা পানীয়ের চাহিদা থাকে সবচেয়ে বেশি। গরম আবহাওয়ায় শরীরকে সতেজ রাখতে দুধ ও তরমুজ দিয়ে তৈরি ঠান্ডা শরবত হতে পারে দারুণ একটি পানীয়। সহজ কিছু উপকরণ দিয়ে ঘরেই খুব অল্প সময়ে তৈরি করা যায় এই শরবত।
ইফতারের জন্য বিশেষ এই ঠান্ডা শরবতের রেসিপি দিয়েছেন কল্পনা রহমান। এতে দুধের স্বাদ ও তরমুজের মিষ্টতা একসঙ্গে মিশে তৈরি হয় ভিন্নধর্মী একটি পানীয়, যা ইফতারের সময় শরীরকে দ্রুত সতেজ করে তোলে।
উপকরণ
তরল দুধ ৩ কাপ, গুঁড়া দুধ আধা কাপ, কনডেনসড মিল্ক সিকি কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, তরমুজ পরিমাণমতো, রুহ আফজা ২ টেবিল চামচ।
প্রণালি
প্রথমে তরল দুধ, গুঁড়া দুধ, কনডেনসড মিল্ক ও কর্নফ্লাওয়ার একসঙ্গে ভালোভাবে মিশিয়ে জ্বাল দিতে হবে। মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর ফ্রিজে রেখে আরও ঠান্ডা করতে হবে।
এদিকে তরমুজ ছোট ছোট কিউব করে কেটে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। পরিবেশনের সময় ঠান্ডা দুধের মিশ্রণের সঙ্গে রুহ আফজা ও তরমুজের টুকরা মিশিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা অবস্থায় গ্লাসে ঢেলে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু দুধ তরমুজের শরবত।
সিএ/এমআর


