কিশোর-কিশোরীদের মানসিক নিরাপত্তা জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ইনস্টাগ্রাম। আত্মহত্যা বা সেলফ হার্ম সংক্রান্ত বিষয় বারবার সার্চ করা হলে এবার সরাসরি অভিভাবকদের কাছে সতর্কবার্তা পাঠানো হবে। মেটা কর্তৃপক্ষ বৃহস্পতিবার এই নতুন ফিচারের ঘোষণা দেয়।
এই সুবিধা ইনস্টাগ্রামের প্যারেন্টাল সুপারভিশন টুলের আওতাভুক্ত অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে কার্যকর হবে। কোনো কিশোর বা কিশোরী অল্প সময়ের মধ্যে একাধিকবার আত্মহনন সংক্রান্ত শব্দ লিখে সার্চ করার চেষ্টা করলে অ্যালার্ট সক্রিয় হবে।
ইমেইল, টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ কিংবা সরাসরি অ্যাপের মাধ্যমে অভিভাবকরা এই সতর্কবার্তা পাবেন। শুধু সতর্ক করাই নয়, সন্তানদের সঙ্গে এই স্পর্শকাতর বিষয়ে কীভাবে কথা বলতে হবে, সে সম্পর্কেও বিশেষজ্ঞদের পরামর্শ পাঠানো হবে।
মেটা জানিয়েছে, তাদের সুইসাইড অ্যান্ড সেলফ হার্ম অ্যাডভাইজরি গ্রুপের সঙ্গে পরামর্শ করেই এই ফিচারের সীমা নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে ভুল সতর্কবার্তা গেলেও কিশোরদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও কানাডায় এই সুবিধা চালু হবে। ২০২৬ সালের শেষ নাগাদ বিশ্বের অন্যান্য দেশেও এটি চালুর পরিকল্পনা রয়েছে। আইনি চাপ ও সামাজিক উদ্বেগের প্রেক্ষাপটে এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সিএ/এমআর


