বয়স বা কাজের চাপের কারণে ভুলে যাওয়ার সমস্যা আজকাল অনেকেরই নিত্যসঙ্গী। হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত চর্চা ও সঠিক কৌশলের মাধ্যমে স্মৃতিশক্তি যেকোনো বয়সেই শক্তিশালী করা সম্ভব।
স্মৃতিশক্তি দুর্বল হওয়ার অন্যতম প্রধান কারণ হলো কোনো বিষয়ে পর্যাপ্ত মনোযোগ না দেওয়া। একসঙ্গে অনেক কাজ করলে মস্তিষ্ক কোনো তথ্যই স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, নতুন তথ্য শোনার বা দেখার সময় পূর্ণ মনোযোগ দিন এবং তা মনে মনে বা জোরে কয়েকবার পুনরাবৃত্তি করুন।
বড় কোনো তথ্য মনে রাখা কঠিন হলে তাকে ছোট ছোট ভাগে ভাগ করুন। উদাহরণস্বরূপ মোবাইল নম্বরকে তিন বা চার সংখ্যার অংশে ভাগ করা। নতুন তথ্যের সঙ্গে ইতিমধ্যেই জানা কোনো তথ্যের যোগসূত্র স্থাপন করলে স্মৃতিশক্তি উন্নত হয়।
শরীরচর্চা করলে ঘুম ভালো হয় এবং মানসিক চাপ সামলানো সহজ হয়। পর্যাপ্ত ঘুম মস্তিষ্কে তথ্য সংরক্ষণে সাহায্য করে। নিয়মিত হাঁটা বা ব্যায়াম মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় এবং নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। খাদ্যতালিকায় ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, রঙিন শাকসবজি ও ফলমূল রাখা জরুরি।
প্রযুক্তির সাহায্য নিলে মস্তিষ্কের ওপর চাপ কমে এবং গুরুত্বপূর্ণ কাজ সময়মতো সম্পন্ন করা সম্ভব হয়। ক্যালেন্ডার, স্মার্টফোন রিমাইন্ডার বা নোটবুক ব্যবহার করা যেতে পারে। স্মৃতিশক্তিকে একটি পেশির মতো কল্পনা করুন, যত বেশি ব্যবহার ও যত্ন করবেন, এটি তত বেশি শক্তিশালী হবে।
সিএ/এমআর


