দুনিয়ার ব্যস্ততা, ক্যামেরার ঝলক এবং গ্ল্যামারের আলোর বাইরে মহান রবের ডাকে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবের মক্কা নগরীতে পৌঁছেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। কাবা শরিফের সামনে নত হৃদয়ে বসে থাকা তার কিছু স্থিরচিত্র সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বর্ষা ভেরিফায়েড ফেসবুকে ৮টি ছবি আপলোড করেন। ছবিগুলোতে দেখা যায়, সাদামাটা পোশাকে গভীর এক প্রশান্তি নিয়ে কাবার সামনে বসে আছেন বর্ষা। ক্যাপশনে তিনি লেখেন, ‘জীবনে যতদিন বেঁচে থাকবো ঠিক ততদিন আসতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার মেহমান হিসেবে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ।’
বর্ষার এই আধ্যাত্মিক সফরে ভক্তরা আবেগাপ্লুত। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ইবাদত কবুল হওয়া, জীবন হেদায়েত ও বরকতে ভরে ওঠার জন্য দোয়া করছেন অনুরাগীরা। একজন মন্তব্য করেছেন, ‘আল্লাহ মনে হয় হেদায়েত দান করছে। এই হেদায়েত যেন মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়।’ বর্ষা প্রতিউত্তরে লিখেছেন, ‘আল্লাহর বাইরে যাওয়ার সাধ্য নেই কারো।’
চলচ্চিত্রের রঙিন জগতের পরিচিত মুখ হিসেবে বর্ষা কাবার ছায়াতলে কেবল একজন বিনয়ী বান্দা। পবিত্র এই সফরে তিনি জীবনে নতুন আত্মিক শক্তি ও আলোর দিশা খুঁজে পেয়েছেন বলে ধারণা অনুরাগীদের।
সিএ/এসএ


