বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব অবশেষে চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ করেছেন। দিল্লি হাইকোর্ট তাঁর বিরুদ্ধে জারি করে আত্মসমর্পণের চূড়ান্ত নির্দেশ, যা দীর্ঘদিনের চলমান মামলার পর এলো। আদালত জানায়, বহুবার সুযোগ দিয়েও রাজপাল প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।
গত ৪ ফেব্রুয়ারি আদালত রাজপাল যাদবকে আত্মসমর্পণের শেষ সময়সীমা দিয়েছিল। তবে নির্দেশ পাওয়ার পর তিনি পুনরায় আইনি পথে চেষ্টা চালান এবং আদালতের কাছে একটি শর্ত তুলে ধরেন—তাৎক্ষণিকভাবে ২৫ লাখ টাকা পরিশোধ করবেন এবং বাকি অর্থ পরে শোধ দেবেন। কিন্তু দিল্লি হাইকোর্ট তাঁর এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ—অভিনেতাকে এর আগেও বহুবার সময় দেওয়া হয়েছিল, কিন্তু তিনি নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হন।
দীর্ঘ কয়েক বছর ধরে চলা এ মামলায় রাজপালের ওপর প্রায় ৯ কোটি টাকার আর্থিক দায় রয়েছে। কিছুদিন আগে তিনি জামিনে ছিলেন এবং আদালতকে আশ্বাস দিয়েছিলেন বকেয়া অর্থ শোধ করবেন। কিন্তু প্রতিশ্রুতি পূরণ না করায় আদালত কঠোর অবস্থান নেয়। মঙ্গলবারের রায়ে জানানো হয়, ‘বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও আবেদনকারী নির্দিষ্ট সময়ে অর্থ পরিশোধ করতে পারেননি। তাই তাকে দ্রুত আত্মসমর্পণ করতেই হবে।’
সিএ/এসএ


